কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সামির (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সামির চৌদ্দগ্রাম পৌর সদরের কিং শ্রীপুর গ্রামের মো. সাইফুল ইসলাম স্বপনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সামির গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। বুধবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বের হয়ে মহাসড়কের বাজার অংশে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের দাদা ও চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী শোকসন্তপ্ত কণ্ঠে জানান, "সামির আমার নাতি। গত বছর এসএসসি পরীক্ষা দিলেও দুই-একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আবারও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। তার এই অকাল মৃত্যুতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।" তিনি সামিরের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments