Image description

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় থাকায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ড বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকাল ১১টায় ম্যাচটি শুরু হয়। এই ম্যাচে নিউজিল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে—ব্লেয়ার টিকনারের জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার। অন্যদিকে বাংলাদেশ দলে এসেছে দুইটি পরিবর্তন; রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের পরিবর্তে দলে ঢুকেছেন তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সেই ম্যাচে তরুণ পেসার নাহিদ রানা দুর্দান্ত বোলিং করে ৩২ রানে ৫ উইকেট নেন, যা ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।

চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটারদের সহায়ক হিসেবে পরিচিত, যেখানে বড় স্কোরের সম্ভাবনা থাকে। তাই সিরিজ নির্ধারণী এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস মিলছে। ঘরের মাঠে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

মানবকণ্ঠ/আরআই