Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ সিদ্ধান্ত
জানান। তবে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে
আপিল করবেন বলে জানিয়েছেন মনিরা শারমিন।

বাছাই প্রক্রিয়া শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে নির্বাচনের যোগ্য হন না। মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেন এবং ২০২৪ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। ফলে তার পদত্যাগের পর তিন বছর পার হয়নি।

এ দিন সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির ৩৬ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর
মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। এর আগে বুধবার জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ হয়েছিল। মনিরা শারমিনের বিষয়ে সিদ্ধান্তের জন্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

মনোনয়ন বাতিলের বিষয়ে মনিরা শারমিন বলেন, "আমি আইনজীবীর পরামর্শ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।" তার আইনজীবী নাজমুস সাকিব জানান, আগামী রোববার তারা প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল জমা দেবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন জানান, কোনো আসন শূন্য হলে তা পরবর্তী সময়ে সব দল বা জোটের জন্য উন্মুক্ত হয়ে যায়।

মানবকণ্ঠ/আরআই