Image description

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস ও পাঠাভ্যাস সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সারাদেশে শিক্ষার্থীদের পাঠাভ্যাস সৃষ্টিতে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে বিশ্বসাহিত্য কেন্দ্র এখন থেকে সমন্বিতভাবে কাজ করবে।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান। এছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমন্বিত উদ্যোগের ফলে দেশের তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিশ্বমানের সাহিত্য ও জ্ঞানচর্চার সুযোগ আরও বিস্তৃত হবে।

মানবকণ্ঠ/ডিআর