Image description

রাজধানীর বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফুটওভার ব্রিজে ধাক্কা দিলে দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাস বনানী এলাকায় পৌঁছালে একদল তৃতীয় লিঙ্গের মানুষের তোপের মুখে পড়ে। এসময় বাসের চালক দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজের পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বনানী থানার ডিউটি অফিসার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর