রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে ১৯তম ‘ঢাকা মোটর শো-২০২৬’। বিশ্ববিখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড টয়োটা এবার তাদের সর্বাধুনিক হাইব্রিড প্রযুক্তি এবং শক্তিশালী সব গাড়ি নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। পরিবেশবান্ধব প্রযুক্তি আর নির্ভরযোগ্যতার মিশেলে নিজেদের প্যাভিলিয়ন সাজিয়েছে টয়োটা বাংলাদেশ লিমিটেড।
আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আইসিসিবি-র ০২ নম্বর হলের বি ৪ (B4) স্টলে টয়োটার প্যাভিলিয়ন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলাকালীন নির্দিষ্ট চারটি মডেলের গাড়িতে বিশেষ বুকিং অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। মডেলগুলো হলো: করোলা ক্রস (Corolla Cross), আভাঞ্জা (Avanza), ভেলোজ (Veloz), রাশ (Rush)।
এবারের আসরে টয়োটার মূল আকর্ষণ তাদের অত্যাধুনিক সেলফ-চার্জিং হাইব্রিড প্রযুক্তি। জ্বালানি সাশ্রয়, কম কার্বন নির্গমন এবং মসৃণ ড্রাইভিং অভিজ্ঞতার জন্য টয়োটার হাইব্রিড লাইনআপ বিশ্বজুড়ে সমাদৃত। টেকসই গতিশীলতা বা ‘সাসটেইনেবল মোবিলিটি’র চাহিদা মাথায় রেখে বাংলাদেশের বাজারে হাইব্রিড গাড়ির জনপ্রিয়তা বাড়াতে কাজ করছে ব্র্যান্ডটি।
টয়োটা প্যাভিলিয়নে দর্শনার্থীরা ব্র্যান্ডের জনপ্রিয় এসইউভি, সেডান ও কমার্শিয়াল লাইনআপের সমাহার দেখতে পাবেন। প্রদর্শনীতে থাকা উল্লেখযোগ্য মডেলগুলোর মধ্যে রয়েছে— করোলা ক্রস ও ইয়ারিস ক্রস, র্যাভ ৪ (RAV4), ভেলোজ ও রাশ, ইয়ারিস সেডান।
শুধু গাড়ি দেখাই নয়, মেলায় আগত দর্শনার্থীরা টয়োটার বিশেষজ্ঞ প্রতিনিধিদের কাছ থেকে হাইব্রিড ইঞ্জিনের কার্যকারিতা, এসইউভি পারফরম্যান্স এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন।
সাশ্রয়ী জ্বালানি আর স্মার্ট ড্রাইভিংয়ের অভিজ্ঞতা নিতে টয়োটা বাংলাদেশ লিমিটেড সকল গাড়িপ্রেমীকে তাদের প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে।




Comments