Image description

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসু নেতৃবৃন্দের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা এবং পাবনা ও কুমিল্লায় ইসলামী ছাত্রশিবিরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “গত ২৩ এপ্রিল সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের এবং নারী নেত্রী জুমার ওপর ছাত্রদলের নেতাকর্মীদের কাপুরুষোচিত হামলা অত্যন্ত দুঃখজনক। হাজার হাজার শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধিদের ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।”

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি নিজের পেজে স্পষ্টীকরণ পোস্ট দেওয়ার পরও তাকে হত্যার হুমকি দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে মাহমুদ শাহবাগ থানায় জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে উল্টো তাকে আটকে রাখে। এই খবর পেয়ে ডাকসু নেতারা বিষয়টি সমাধান করতে থানায় গেলে সেখানে ওত পেতে থাকা ছাত্রদল কর্মীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়।

পুলিশের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “নাগরিকদের নিরাপত্তা দেওয়ার বদলে পুলিশের এই নীরব ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। তাদের এই আচরণ অতীতের ফ্যাসিবাদী শাসনের কথা মনে করিয়ে দেয়। পুলিশের এমন বিতর্কিত ভূমিকা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, শুধু ঢাকাতেই নয়, শুক্রবার দুপুরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে শিবিরের শান্তিপূর্ণ মিছিলে এবং ২৩ এপ্রিল রাতে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। কুমিল্লায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মিয়া গোলাম পরওয়ার মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এবং ছাত্রদল রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে সহিংসতাকে উসকে দিচ্ছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শাহবাগ থানার ভেতরে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একইসাথে শিক্ষাঙ্গনে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় প্রশাসন ও সচেতন ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। 

বিবৃতিতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে রাজনৈতিক উসকানি পরিহার করে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়।