Image description

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২৯ হাজার ৩১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। 

শুক্রবার (২৪ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল হজের আনুষ্ঠানিক ফ্লাইট শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত মোট ৭৩টি ফ্লাইটের মাধ্যমে এই হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তারা হলেন— টাঙ্গাইল সদর উপজেলার মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মন্ডল।

এর মধ্যে টাঙ্গাইলের মো. আবুল কাশেম মারা যান সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। এছাড়া জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মন্ডল স্বাভাকিভাবে মক্কায় মারা যান।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।

আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন পাঁচ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।