Image description

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের অভিযোগ করেছেন যে, ছাত্রশিবির জুলাই বিপ্লবের সুযোগকে কাজে লাগিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলে মূলত একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছিল। 

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব দাবি করেন।

আব্দুল কাদের বলেন, ছাত্রশিবির জুলাইয়ের সুযোগকে কাজে লাগিয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে অপরাপর সবার রাজনীতি করার বন্ধ করার পায়তারা চালিয়েছিল। উদ্দেশ্য ছিল, কেবল নিজেরাই রাজনীতি করবে। সে লক্ষ্যে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিবিরের নেতারা ক্যাম্পাসে রাত-দিন মব চালিয়েছিল।

তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বিকেলেই শিবির সুপরিকল্পিতভাবে হলের নিয়ন্ত্রণ নেয়। তিনি বলেন, "৫ আগস্ট বিকেলেই শিবির হলে উঠে গেছে এবং তাদের সব নেতাকর্মীদের তুলে ফেলেছে। অথচ অন্য কোনো সংগঠনের কেউ হলে উঠতে গেলে তারা ‘মব’ সৃষ্টি করে তাদের বের করে দিয়েছে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'সাধারণ শিক্ষার্থী' নামে তারা হল চালাইছে বলে জানান আব্দুল তাদের। তার দাবি, ব্যাচ প্রতিনিধির নামে শিবির হলগুলোতে ছায়া প্রশাসন কায়েম করেছে, হলের সব সিদ্ধান্ত নিত তারা। হলে কে থাকবে কে থাকতে পারবে না, কার নামে মামলা হবে কারা মামলা থেকে রেহাই পাবে, শিবির সব ঠিক করতো ব্যাচ প্রতিনিধির নামে।

তিনি বলেন, শিবির স্বপ্ন দেখেছিল, জুলাইয়ের সুযোগটা কাজে লাগিয়ে তারা বুয়েটের মতো ঢাবিসহ সব ক্যাম্পাসে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং সেটা ধরেও রাখবে। কিন্তু সেটা যে সম্ভব না, অবাস্তব এবং দুঃস্বপ্ন, তারা সেটা বুঝে নাই।

ছাত্রশিবির এই বিষয়টি যত তাড়াতাড়ি বুঝবে ততই নিজেদের জন্য লাভ বলে জানিয়েছেন আব্দুল কাদের। একই সঙ্গে তা সাধারণ শিক্ষার্থীদের জন্য, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্যও লাভ বলে মন্তব্য তার।