কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে চাকা বিস্ফোরণে মো. শিপন মিয়া (২৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন মিয়া কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের রামনগর গ্রামের মৃত হালিম মিয়ার ছেলে। তিনি চরবাকর এলাকার একটি ইটভাটায় ট্রাক্টর চালক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইটবোঝাই ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় চাকার হাওয়া কম দেখে চরবাকর এলাকার রাসেল ব্রিকস সংলগ্ন একটি ওয়ার্কশপে হাওয়া দিতে যান শিপন। এসময় নিজেই চাকায় হাওয়া দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে চাকাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় চাকার ভেতরে থাকা লোহার রিং ছিটকে এসে শিপনের শরীরে ও মুখে সজোরে আঘাত করে। এতে তিনি প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দেবিদ্বার থানা ও মীরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments