Image description

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের ১০ম একনেক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

প্রতিমন্ত্রী জানান, সভায় বিস্তারিত আলোচনার পর অধিকাংশ প্রকল্পই পাস হয়েছে, তবে কয়েকটির ক্ষেত্রে বিশেষ শর্ত ও পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিগত সময়ে প্রস্তাবিত এবং বর্তমানে চলমান প্রকল্পগুলো পুনরায় রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক প্রকল্প এখন আর প্রয়োজনীয় নয় বলে প্রতীয়মান হওয়ায় সেগুলো বাদ দেওয়া হতে পারে।

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনার কথা উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, "প্রধানমন্ত্রী ব্যয় সাশ্রয়ী হওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রতিটি প্রকল্পের ব্যয়ের যৌক্তিকতা কঠোরভাবে যাচাই করার নির্দেশ দিয়েছেন তিনি। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও জনগণের জীবনমান উন্নয়নের পরিকল্পনার সঙ্গে প্রকল্পগুলো কতটা সামঞ্জস্যপূর্ণ, তা বারবার পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলা হয়েছে।"

বৈঠকে অংশ নেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তৃণমূল পর্যায়ে উন্নয়নের সুফল পৌঁছে দিতে এবং সরকারি অর্থের অপচয় রোধে সরকার এই কঠোর তদারকি বজায় রাখবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

মানবকণ্ঠ/আরআই