ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তাঁরা দুজনেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহতদের সাথে থাকা সহপাঠী আগলিনা জানান, বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে অবস্থান করছিলেন। বিকেল ৫টার দিকে হঠাৎ খুব কাছে বজ্রপাত হলে সুফিয়া ও ফারাহ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে আহত দুই নারী শিক্ষার্থীকে জরুরি বিভাগের নতুন ভবনে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments