Image description

নারীদের রান্নার কষ্ট লাঘব করতে সারা দেশে 'এলপিজি কার্ড' সেবা চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, "গৃহিণীদের রান্নার দুর্ভোগ কমাতে আমরা এলপিজি কার্ডের ব্যবস্থা করব। এছাড়া আগামী ৫ বছরের মধ্যে দেশের সকল নারীর হাতে 'ফ্যামিলি কার্ড' পৌঁছে দেওয়া হবে।" নারী শিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, এখন থেকে মেয়েদের জন্য ডিগ্রি (স্নাতক) পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি উল্লেখ করে তারেক রহমান বলেন, "স্বৈরাচার পালিয়েছে, এখন সময় দেশ গড়ার। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখার এবং স্বনির্ভর করার রাজনীতি।" তিনি ঘোষণা দেন যে, আগামী দুই থেকে চার মাসের মধ্যে দেশের বন্ধ হয়ে যাওয়া অনেক কল-কারখানা পুনরায় চালু করা হবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

জনগণের লুণ্ঠিত অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, "জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলবে, ৫ আগস্টের মতো দেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে।"

উলাশী-যদুনাথপুর খাল খনন প্রকল্পে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই খাল খনন কৃষি বিপ্লব ঘটাবে। একইসঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

মানবকণ্ঠ/আরআই