সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে এই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট চারজন মারা গেছে। এছাড়া সিলেট বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে একদিনেই প্রাণ হারিয়েছে পাঁচ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট ৪ হাজার ৬৯৩ জন শিশুর হাম শনাক্ত হলো। অন্যদিকে, এই সময়ের মধ্যে মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
পরিসংখ্যানে আরও দেখা গেছে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৯ হাজার ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকিরা এখনও চিকিৎসাধীন।
শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ দ্রুত বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা অভিভাবকদের সচেতন থাকার এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments