হবিগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালামাল উদ্ধার করা হয়। রোববার (২৬ এপ্রিল) জেলা পুলিশের একটি বিশেষ দল সদর ও মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় এবং মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.কে.এম সালিমুল হকের তত্ত্বাবধানে তথ্য-প্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের শুরুতে হবিগঞ্জ সদর এলাকা থেকে চক্রের দুই সদস্য মো. জহির হোসেন (২৫) ও মো. জাকির হোসেন (২৮)-কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), মো. নাহিদ মিয়া (২৪), মো. কালু মিয়া (৪০) এবং মো. সোহাগ মিয়া (৩৩)।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী সোহাগ মিয়ার ভাঙারির দোকানে অভিযান চালিয়ে চুরিকৃত ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম ট্রান্সফরমারের লোহা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গত ২৮ মার্চ চুনারুঘাট থানায় দায়ের করা একটি ট্রান্সফরমার চুরি মামলার (মামলা নং-২৭) সূত্র ধরে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.কে.এম সালিমুল হক জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরি করে আসছিল, যার ফলে পল্লী বিদ্যুতের গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়তেন। তাদের গ্রেপ্তারের ফলে চুরির প্রকোপ কমবে বলে আশা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments