Image description

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

মঙ্গলবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দরসমূহ:

২২ ক্যারেট: ১ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
২১ ক্যারেট: ১ লাখ ৩৮ হাজার ৫৭২ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ১৯ হাজার ২১৩ টাকা।
সনাতন পদ্ধতি: ৯৮ হাজার ৬৩ টাকা।

উল্লেখ্য, স্বর্ণের এই নির্ধারিত দামের সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ২৩ এপ্রিল স্বর্ণের দাম একদফা কমানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৫ বার কমানো হয়েছে। বারবার দামের এই ওঠানামায় সাধারণ ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও বর্তমান পতনকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/আরআই