Image description

বিশ্বজুড়ে তথ্যের অখণ্ডতা নিশ্চিত করা, ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং একটি অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত তথ্য কমিটির (Committee on Information) ৪৮তম অধিবেশনের সাধারণ বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এই আহ্বান জানান।

সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত এই অধিবেশনে রাষ্ট্রদূত চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে ভ্রান্ত তথ্য, সুপরিকল্পিত বিভ্রান্তিকর প্রচারণা, ঘৃণামূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অপতৎপরতা বিশ্বজুড়ে বিভাজন সৃষ্টি করছে এবং সমাজের পারস্পরিক আস্থার ভিত ক্ষুণ্ণ করছে। এ পরিস্থিতি মোকাবিলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশগুলোর মধ্যে বিদ্যমান ডিজিটাল বৈষম্য কমিয়ে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ অন্যতম শীর্ষ দেশ হিসেবে কাজ করছে, যেখানে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে। তবে শান্তিরক্ষা কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক অপপ্রচার মাঠপর্যায়ে ঝুঁকি তৈরি করছে। এই অপপ্রচার প্রতিহত করতে এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে মিয়ানমারের রোহিঙ্গা সংকট এবং গাজার বর্তমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এসব সংকটের ক্ষেত্রে বিভ্রান্তিমূলক তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সংকট মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্তদের অধিকার রক্ষায় সঠিক তথ্য প্রচার ও বৈশ্বিক জনমত গড়ে তোলা এখন সময়ের দাবি।

বক্তব্যের শেষ পর্যায়ে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘের নীতিমালা ও মূল্যবোধের আলোকে একটি শক্তিশালী, স্বচ্ছ ও দায়িত্বশীল বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মানবকণ্ঠ/ডিআর