সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৫৯০ বস্তা চালসহ ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ২
গাজীপুরের কালিয়াকৈরে সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়া ৫৯০ বস্তা চালসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে এক চাল ব্যবসায়ী ও তাঁর কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর বাজারের বিভিন্ন গোডাউন ও ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এসব চাল ও ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কালিয়াকৈর উপজেলার স্কুলপাড়া এলাকার মৃত দিনেশ সরকারের ছেলে লিটন সরকার (৪৪) এবং তাঁর দোকানের কর্মচারী সুমন সাহা (৪২)। সুমনের বাড়ি সিলেট জেলার চৌকিদিঘী এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বগুড়ার শেরপুর থেকে ৬১০ বস্তা ভারতীয় কাটারিভোগ চাল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৫০৫৮) ঢাকার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার নিয়ে ডাকাত দল সেটির গতিরোধ করে। পরে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশের একটি ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা।
এই ঘটনায় চালের মালিক মাহবুবুর রহমান সোহেল সিরাজগঞ্জের শিমলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কালিয়াকৈর থানা পুলিশ জানতে পারে ছিনতাই হওয়া ট্রাকটি কালিয়াকৈর এলাকায় অবস্থান করছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত লিটন সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর বাজারের লিটন সরকার, স্বপন সাহা, আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গোডাউন থেকে মোট ৫৯০ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ছিনতাইয়ের খবর পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। এতে ট্রাকসহ লুট হওয়া চালের সিংহভাগ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে এবং অবশিষ্ট চাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments