Image description

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বুধবার দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। আজকের ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা।

তবে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের সামনে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামের বিরূপ আবহাওয়া। মঙ্গলবার সকাল থেকেই বন্দরনগরীতে ভারী বৃষ্টি ও বজ্রপাত চলছে। মেঘলা আকাশ আর গুমোট পরিস্থিতির কারণে ম্যাচের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে বিসিবি দুই দলের অনুশীলন আগেই বাতিল ঘোষণা করেছে; ফলে ক্রিকেটাররা টিম হোটেলেই জিম ও বিশ্রামের মাধ্যমে সময় পার করেছেন।

র‍্যাঙ্কিং ও শক্তিতে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও এবারের সফরে তারা তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে এসেছে। এখন পর্যন্ত ২১ বারের দেখায় কিউইদের ১৫ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৫টি। তবে ঘরের মাঠে স্পিন কন্ডিশনে লিটন দাসের দল বেশ আত্মবিশ্বাসী। ধারণা করা হচ্ছে, আগের ম্যাচের জয়ী একাদশ নিয়েই মাঠে নামবে টাইগাররা, তবে পেস বিভাগে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল।

এখন সবার চোখ আকাশের দিকে—আবহাওয়ার বাধা পেরিয়ে বন্দরনগরীতে কি আজ সিরিজ জয়ের উৎসবে মাতবে বাংলাদেশ।

মানবকণ্ঠ/ডিআর