Image description

বৈশাখের তপ্ত রোদের পর ভোরের শুরুতেই মুষলধারে বৃষ্টিতে ভিজেছে রাজধানী। বুধবার (২৯ এপ্রিল) সকালের এই বৃষ্টিতে একদিকে যেমন স্বস্তি ফিরেছে, অন্যদিকে জলাবদ্ধতা ও যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।

ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর শুরু হয় টানা বর্ষণ। এতে রাজধানীর নিচু এলাকাগুলোতে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে প্রধান সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে যায়, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয় কর্মজীবী মানুষকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও রিকশাচালকরা; জীবিকার তাগিদে কাকভেজা হয়েই তাদের রাস্তায় থাকতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী ৫ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। লঘুচাপের প্রভাবে দেশের সব বিভাগেই মাঝারি থেকে অতি ভারী বর্ষণ, সেই সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিরূপ আবহাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

মানবকণ্ঠ/ডিআর