ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বৈধ ৪৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। যদি নতুন কোনো নাটকীয়তা না ঘটে, তবে অধিকাংশ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানিয়েছেন, তফসিল অনুযায়ী আগামীকাল ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। তবে রাজনৈতিক দল ও জোটগুলোর পক্ষ থেকে আসন প্রতি একাধিক প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন নাও হতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়নি। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন—মোট ৪৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণের বিষয়ে আদালতের নির্দেশনা থাকলেও তা নিয়ে এখনও কিছুটা জটিলতা রয়ে গেছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, "আদালতের রায়ের কপি এখনও কমিশনের হাতে পৌঁছেনি। রায়ের কপি হাতে পেলেই তা বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে আপিলে যাওয়ার কোনো পরিকল্পনা কমিশনের নেই।"
মানবকণ্ঠ/ডিআর




Comments