বৈশাখের তীব্র দাবদাহের পর রাজধানীসহ দেশজুড়ে শুরু হয়েছে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির তাণ্ডব। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী ৫ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের অঞ্চলে বায়ুচাপের আধিক্য এবং প্রচুর বজ্রমেঘ তৈরি হওয়ায় সারাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবারও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে।
৩০ এপ্রিল: ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
০১ মে: সারাদেশে বৃষ্টির দাপট আরও বাড়বে। আট বিভাগেরই অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
০২ মে: বৃষ্টিপাত কিছুটা কমলেও ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস বহাল রয়েছে।
আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকার পাশাপাশি ১০-১৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামী পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমলে তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments