Image description

চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও জনদুর্ভোগের ঘটনায় নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে উত্থাপিত এক জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, "চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে আমার সার্বক্ষণিক কথা হচ্ছে। তিনি দুর্ভোগ কমাতে আপ্রাণ চেষ্টা করছেন। তবে এটি একটি বড় ধরনের জলাবদ্ধতা, যা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগছে। এই সাময়িক কষ্টের জন্য আমি ব্যক্তিগতভাবে চট্টগ্রাম শহরের সব নাগরিকের কাছে ক্ষমা চাইছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হয়।"

তারেক রহমান উল্লেখ করেন, জলাবদ্ধতার সমস্যাটি এখন শুধু চট্টগ্রামের নয়, রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানেও এই সংকট ছড়িয়ে আছে। তিনি বলেন, "আমি গণমাধ্যমে দেখেছি মানুষ কতটা কষ্ট পাচ্ছে। এই সমস্যা সমাধানের স্থায়ী পথ আমাদের খুঁজে বের করতে হবে।"

জলাবদ্ধতা নিরসনে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "মাননীয় স্পিকার, এ বিষয়ে আমাদের বড় এক বিশেষজ্ঞ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচির মাধ্যমে যেমন পানির আধার তৈরি করেছিলেন, তেমনি বন্যা ও জলাবদ্ধতা দূর করেছিলেন। বর্তমান সরকার সেই পদাঙ্ক অনুসরণ করে সারাদেশে পরিকল্পিতভাবে খাল খনন কর্মসূচি শুরু করেছে।" 

তিনি বিশ্বাস করেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নদী ও খালগুলো পুনরুজ্জীবিত করতে পারলে অচিরেই দেশ এই অভিশাপ থেকে মুক্ত হবে।

মানবকণ্ঠ/ডিআর