পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়লেন বাবর আজম। করাচিতে অনুষ্ঠিত কোয়ালিফায়ার ম্যাচে পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবে খেললেন ৫৯ বলে ১০৩ রানের এক বিধ্বংসী ইনিংস। এই শতকের ওপর ভর করে বাবর তাঁর দলকে ৭০ রানের বিশাল জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও ইতিহাস গড়েছেন।
এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে বাবর আজমের দখলে। এতদিন ৮টি সেঞ্চুরি নিয়ে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। কিন্তু ইসলামাবাদের বিপক্ষে নিজের নবম সেঞ্চুরি পূর্ণ করে বাবর এখন সবার ধরাছোঁয়ার বাইরে। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাবরের সেঞ্চুরি সংখ্যা এখন ১৩টি।
বাবরের এই রেকর্ডময় ইনিংস তাঁকে আবারও বিরাট কোহলির সঙ্গে তুলনায় নিয়ে এসেছে। এক দেশের মাটিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এতদিন কোহলি ও অভিষেক শর্মা ৮টি সেঞ্চুরি নিয়ে এগিয়ে ছিলেন। পাকিস্তানের মাটিতে নিজের অষ্টম সেঞ্চুরি করে বাবর এখন তাঁদের সমান্তরালে।
পিএসএলের ইতিহাসেও নিজের দাপট ধরে রেখেছেন বাবর আজম। টুর্নামেন্টে উসমান খানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির রেকর্ড এখন তাঁর। এছাড়া চলতি মৌসুমে ১০ ইনিংসে ৫৮৮ রান করে তিনি ২০২২ সালে ফখর জামানের গড়া এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড স্পর্শ করেছেন। ফাইনাল ম্যাচে এই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার হাতছানি এখন তাঁর সামনে।
ম্যাচ শেষে বাবর আজম জানান, তিনি ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছেন এবং খেলাকে সহজ রাখতেই পছন্দ করছেন। পিচের আচরণ ও পরিস্থিতি বুঝে খেলার পরিকল্পনা করাই তাঁর সফলতার মূল চাবিকাঠি বলে মনে করেন এই তারকা ব্যাটার।
মানবকণ্ঠ/আরআই




Comments