Image description

লন্ডনপ্রবাসী এক যুবককে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ভারতীয় রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও ‘বিগ বস’ তারকা আশু রেড্ডি। এই প্রতারণার মামলায় হায়দ্রাবাদ পুলিশের করা এফআইআর বাতিল চেয়ে আশু রেড্ডি তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন করলে আদালত রাজ্য সরকারের কাছে মামলার বিস্তারিত তথ্য তলব করেছেন।

লন্ডনপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াইভি ধর্মেন্দ্রর বাবা সত্যনারায়ণের করা অভিযোগ অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধর্মেন্দ্রর সঙ্গে আশু রেড্ডির প্রেমের সম্পর্ক ছিল। এই সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আশু ওই যুবকের কাছ থেকে ৫ কেজি স্বর্ণ, বিলাসবহুল গাড়ি এবং একাধিক ফ্ল্যাট কেনেন। চাঞ্চল্যকর তথ্য হলো, এসব সম্পদ সবই অভিনেত্রীর নামে রেজিস্ট্রি করা হয়েছে। ধর্মেন্দ্রর দাবি, তিনি সব মিলিয়ে ৯ কোটি ৩৫ লাখ রুপিরও বেশি লেনদেনের অকাট্য প্রমাণ পুলিশের কাছে জমা দিয়েছেন। এই মামলায় আশু রেড্ডির বোনকেও সহযোগী হিসেবে আসামি করা হয়েছে।

তবে আশু রেড্ডি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। হাইকোর্টে করা আবেদনে তিনি দাবি করেছেন, ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক থাকলেও কোনো প্রতারণা করা হয়নি। ওই যুবক স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছায় অভিনেত্রীর পরিবারের মন জয় করতে এই অর্থ ব্যয় করেছেন। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই মামলা করা হয়েছে বলে তিনি আদালতে দাবি করেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আশু রেড্ডির একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে দেড় কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে শোনা যায়। এই অডিও ক্লিপটি মামলায় নতুন মোড় এনেছে। তেলেঙ্গানা হাইকোর্ট মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৪ মে ধার্য করেছেন। ততক্ষণ পর্যন্ত এই মামলার তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

তথ্যসূত্র: দ্যা সিয়াসাত ডেইলি

মানবকণ্ঠ/আরআই