Image description

সড়ক দুর্ঘটনায় বাসে আটকে পড়া যাত্রীদের দ্রুত বের হওয়া নিশ্চিত করতে এবং প্রাণহানি কমাতে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এসি ও নন-এসি উভয় ধরনের বাসের জানালার নকশায় পরিবর্তনের মাধ্যমে জরুরি বহির্গমন ব্যবস্থা উন্নত করার ওপর জোর দেওয়া হয়েছে এই নির্দেশনায়।

বিআরটিএ জানিয়েছে, সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার এবং রেল ক্রসিং অতিক্রমকালে দুর্ঘটনা ঘটলে অনেক সময় যাত্রীরা ভেতরে আটকা পড়েন। দরজা দিয়ে বের হওয়া সম্ভব না হলে তারা জানালা ব্যবহার করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়েন, যা বড় ধরনের জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়।

এসি বাসের জন্য নির্দেশনা: শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি বাসে এখন থেকে সুনির্দিষ্ট ও দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন’ বা ‘Emergency Exit’ চিহ্নিত করতে হবে। এছাড়াও জরুরি মুহূর্তে জানালার কাচ ভেঙে বের হওয়ার জন্য এক বা একাধিক উপযুক্ত সরঞ্জাম (যেমন- ছোট হাতুড়ি বা ব্রেকার) যাত্রীদের নাগালের মধ্যে রাখতে হবে।

নন-এসি বাসের জন্য নির্দেশনা: সাধারণ বা নন-এসি বাসের জানালার পর্দায় ব্যবহারের জন্য যে আড়াআড়ি বা সমান্তরাল স্টেইনলেস স্টিলের রড থাকে, তা জরুরি মুহূর্তে যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা সৃষ্টি করে। বিআরটিএ এসব রড দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে। এর ফলে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা অনায়াসেই জানালা দিয়ে বের হতে পারবেন।

বিআরটিএ’র কর্মকর্তারা জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অগ্নিকাণ্ড কিংবা পানিতে বাস পড়ে যাওয়ার মতো ভয়াবহ দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হবে এবং মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যাবে।

মানবকণ্ঠ/আরআই