Image description

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক। সরকার পরিকল্পনা করছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করার। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী।

বর্তমানে প্রচলিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়। তবে প্রায়ই বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সময়সূচি ওলটপালট হয়ে যায়। এছাড়া উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এই সেশন জট ও সময় অপচয় রোধ করতেই ক্যালেন্ডারে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন পরিকল্পনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যদি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে পারি, তবে সিলেবাস, কারিকুলাম ও বোর্ড পরীক্ষা—সবই বছরের শেষে শেষ হবে। এতে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী ধাপে ভর্তি হতে পারবে। ফলে কোনো সেশন জট ছাড়াই তারা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে পা রাখতে পারবে।’

কবে থেকে এই নিয়ম কার্যকর হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা ২০২৭ সালকে লক্ষ্য রেখে কাজ করছি। তবে এটি নির্ভর করবে নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করার ওপর। আমাদের মূল লক্ষ্য হলো ডিসেম্বরেই অ্যাকাডেমিক বছর শেষ করা এবং ওই সময়ের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করা।’

মানবকণ্ঠ/ডিআর