Image description

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ৭ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার ব্রিজের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ডিআই পিকআপে করে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়েমুচড়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক প্রাণ হারান। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।