বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. আরাফাত রহমান অভির বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ মে) রাত ১১ টার দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক ছাত্রদল নেতা হলেন; পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার আনসার আলীর ছেলে মো.আরাফাত রহমান অভি। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পুলিশ ছাত্রদল নেতা অভির বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ৫১০ পিস অবৈধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়। এর পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আরাফাত রহমান অভির বাড়িতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৫১০ পিস ইয়াবা ও বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




Comments