সিরাজগঞ্জে নির্মাণের ৪ দিন পরই রাস্তার ইট তুলে নিলেন সাবেক ইউপি সদস্য
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবরুদ্ধ কয়েকটি পরিবারের যাতায়াতের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত রাস্তার ইট ৪ দিনের মাথায় তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য আফসার আলীর বিরুদ্ধে। উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে জানা যায়, স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকসহ কয়েকটি পরিবার যাতায়াত করছিল। সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন বাঁশের বেড়া দিয়ে সেই পথ বন্ধ করে দিলে পরিবারগুলো ২০ দিন অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফিকা হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যাতায়াত স্বাভাবিক করতে উপজেলা পরিষদের অর্থায়নে ১০০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের একটি ইটের রাস্তা নির্মাণের ব্যবস্থা করেন।
গত ২৭ এপ্রিল সদ্য বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে রাস্তাটির উদ্বোধন করেন। তবে ইউএনও বদলি হয়ে যাওয়ার সুযোগে গত শনিবার (২ মে) বিকেলে সাবেক ইউপি সদস্য আফসার আলীর নেতৃত্বে একদল লোক রাস্তার সব ইট তুলে নিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত গাড়াদহ ইউনিয়ন পরিষদের নারী সদস্য শিউলি জানান, অবরুদ্ধ পরিবারগুলোর কষ্ট লাঘবে প্রশাসন রাস্তাটি করে দিয়েছিল। কিন্তু হঠাৎ করে সাবেক মেম্বার আফসারের নেতৃত্বে লোকজন এসে সব ইট তুলে নিয়ে গেছে।
অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য আফসার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমি কোনো রাস্তার ইট তুলে নিচ্ছি না। যেখানে রাস্তাটি নির্মাণ করা হয়েছে সেটি একটি কলেজের জমি। তাই ওই জমি দখলমুক্ত করার কাজ চলছে।" তবে কে তাকে এই নির্দেশ দিয়েছেন—এমন প্রশ্নের কোনো সদুত্তর না দিয়েই তিনি ফোন কেটে দেন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, "চরনবীপুর গ্রামে সদ্য নির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments