কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় মো. মোনায়েম খাঁন নামে এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি পাকুন্দিয়া উপজেলার ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে মোনায়েম খাঁনকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মোনায়েম খাঁন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আওয়ামী লীগের দলীয় স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে একটি পোস্ট দেন। বিএনপির অঙ্গসংগঠনের একজন নেতা হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের স্লোগান প্রচার করাকে গুরুতর আদর্শিক বিচ্যুতি ও শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করেছে উপজেলা ছাত্রদল।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, “ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়া ছাড়াও তাকে অনেক দিন ধরে দলীয় বা সাংগঠনিক কাজে পাওয়া যাচ্ছিল না। এসব কর্মকাণ্ডে আদর্শিক ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় আমরা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।”
বহিষ্কারাদেশে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের মোনায়েম খাঁনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা শাখা এই সিদ্ধান্ত অনুমোদন করার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




Comments