Image description

দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন সংগ্রামের স্বীকৃতি হিসেবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করেছে দলটির জার্মানি শাখা। গত শনিবার (২ মে) জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে আয়োজিত এক ‘বিজয় ও শুকরিয়া’ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম যখন তারেক রহমানকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করার ঘোষণা দেন, তখন উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে এবং করতালির মাধ্যমে এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

এর আগে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করায় দেশ ও প্রবাসের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান জার্মানি বিএনপির নেতারা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

অনুষ্ঠানের সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, তারেক রহমান শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণের মতো উদ্যোগের মাধ্যমে তিনি তৃণমূলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জনগণের প্রতি এই গভীর ভালোবাসা ও দায়বদ্ধতার কারণেই তিনি আজ ‘দেশবন্ধু’।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকেও তারেক রহমান যেভাবে দেশের প্রতিটি আন্দোলন ও মানবিক সংকটে নেতৃত্ব দিচ্ছেন, তা সত্যিই বিরল। দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তার বলিষ্ঠ ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জার্মানি বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রেজা, বিএনপি নেতা মোজাম্মেল হক, আনিসুর রহমান শামীম, সাখাওয়াত হোসেন সোহাগসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/আরআই