Image description

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনকে (৫৯) ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩ মে) রাতে সান্তাহার রেলওয়ে থানায় ভুক্তভোগীর ছোট ভাই আজিজুল হক রাজা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে এই মামলাটি করেন। ঘটনার পর থেকেই আসামিরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার সান্তাহার রেলগেট এলাকার পুরাতন সুইচ কেবিনের সামনে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিএনপি নেতা ইকবাল হোসেনের সঙ্গে স্থানীয় হলুদঘর ও ইয়ার্ড কলোনি এলাকার এসএম সামার রাজু, শুভ ও নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে ইকবালের পেটে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় ইকবাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর