রাজশাহীর চারঘাট উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্র গড়ে উঠেছে খাবার হোটেল। নিয়মনীতির তোয়াক্কা না করে ফুটপাতে খোলা জায়গায় খাবার তৈরি ও পরিবেশন করায় এ অঞ্চলের জনস্বাস্থ্য এখন মারাত্মক হুমকির মুখে। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ এবং কোমলমতি স্কুলগামী শিশুরা এসব খাবার খেয়ে প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হচ্ছে।
সরেজমিনে চারঘাট সদর, সরদহ ও নন্দনগাছীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ হোটেলের সামনের অংশ চাকচিক্যময় হলেও রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা। দোকানের সামনেই ধুলোবালির মধ্যে খোলা অবস্থায় তৈরি হচ্ছে পরোটা, সিঙ্গাড়া, শমচা, পুড়ি ও পিঁয়াজু। রাস্তার ধুলোবালি ও মাছি এসব খাবারের ওপর অবাধে বসছে। এছাড়া একই তেল বারবার ফুটিয়ে খাবার ভাজা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর।
বিশেষজ্ঞদের মতে, খোলা ও বারবার পোড়া তেলে ভাজা এসব খাবারে ক্যানসারের জীবাণু তৈরি হয়। এ জাতীয় খাবার থেকে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস, আলসার ও হৃদরোগসহ প্রায় ৩০০ ধরণের রোগ হতে পারে।
ভুক্তভোগী ক্রেতা রোকছানা খাতুন ও রাফসান জানান, কর্মস্থলে বা বাইরে বের হলে এসব হোটেল ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা থাকে না। ক্ষতিকর জেনেও অনেকটা বাধ্য হয়েই তাদের এসব নিম্নমানের খাবার খেতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, "অনিরাপদ খাদ্য জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। নোংরা পরিবেশে তৈরি খাবার থেকে পেটে ব্যথা, জন্ডিস ও ডায়রিয়াসহ অসংখ্য জটিল রোগ ছড়াতে পারে।"
এ বিষয়ে চারঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান বলেন, "আমরা ইতোমধ্যে হোটেল মালিকদের সতর্ক করেছি যাতে খাবার ঢেকে রাখা হয় এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে। এই নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments