৫ আগস্টের পর ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মামলার আসামিদের অব্যাহতি দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের হওয়া উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো থেকে নিরপরাধ ব্যক্তিদের নাম পর্যায়ক্রমে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আগামী এক মাসের মধ্যেই যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব নিরপরাধ ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বুধবার (৬ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, জেলা পর্যায়ে এ ধরনের মামলার তালিকা প্রস্তুত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক মামলাগুলোও স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পর্যালোচনার পর প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
অস্ত্রের লাইসেন্স ও উদ্ধার অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো বর্তমানে যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জমা নেওয়া বৈধ অস্ত্রগুলো দ্রুত মালিকদের ফেরত দিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্বাচনের আগে নির্দেশ থাকা সত্ত্বেও যে ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েনি, সেগুলো উদ্ধার এবং সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল আজহা ও জননিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ঈদের সাত দিন আগে পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হবে। ফেরিঘাটগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে গ্রামীণ পর্যায়ে সাত দিনের জন্য বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা ‘পুশব্যাক’ এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments