Image description

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর একটি প্রতিনিধিদল। বুধবার (৬ মে) সংসদ ভবনে ডেপুটি স্পীকারের কার্যালয়ে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ-এর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য (মিসইনফরমেশন/ডিসইনফরমেশন) ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা কখনোই মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে না।" এ সময় তিনি সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের এ বিষয়ে সচেতন করতে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন, ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের শিশুরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি জানান।

সাক্ষাৎকালে ড. সুজান ভাইজ বাংলাদেশের সঙ্গে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। ইউনেস্কো প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, তারা বাংলাদেশের গণমাধ্যম উন্নয়ন, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক), সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহী।
বৈঠকে ইউনেস্কো প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই