Image description

বর্ষার প্রভাবে বৃষ্টির দেখা মিললেও ঢাকার বাতাসের মানের কোনো উন্নতি হয়নি। মেগাসিটি ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টা ২০ মিনিটে আইকিউএয়ারের লাইভ মানচিত্রে দেখা যায়, ঢাকার বায়ুমানের স্কোর ১৯০। এই স্কোর অনুযায়ী রাজধানীর বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

তালিকায় ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর। পাকিস্তানের লাহোর ১৫৭ স্কোর নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা (১২৭) এবং আফগানিস্তানের কাবুল (১২২)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুমান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য করা হয়।

বায়ু বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার এই দূষিত বায়ু জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এ ধরনের বাতাস মারাত্মক ক্ষতিকর। এই অবস্থায় বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

দীঘদিন ধরেই ঢাকা বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। সাধারণত শুষ্ক মৌসুমে এই দূষণ চরমে পৌঁছালেও এবার বর্ষাকালেও ঢাকার বায়ুমানের দৃশ্যমান কোনো পরিবর্তন না হওয়া পরিবেশবিদদের ভাবিয়ে তুলছে।

মানবকণ্ঠ/আরআই