দেশের বাজারে আবারও বাড়ল মূল্যবান ধাতু সোনার দাম। টানা দ্বিতীয় দফায় দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার টাকা ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে এই দাম নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল কেন্দ্রিক চলমান ভূ-রাজনৈতিক উত্তজনা বিশ্ববাজারে সোনার দামকে অস্থিতিশীল করে তুলেছে।
সোনার নতুন দাম: বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। গতকাল পর্যন্ত এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বেড়েছে রুপার দামও: সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা ভরি নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রতি আউন্স সোনার দাম বর্তমানে ৪ হাজার ৭০০ ডলারে অবস্থান করছে। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ একলাফে ১৬ হাজার টাকার বেশি বেড়ে ভালো মানের সোনার ভরি ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল। এরপর কয়েক দফা কমার পর আবারও তা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক অস্থিরতা না কমলে দেশীয় বাজারে সোনার দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments