সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন উপহার
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক (র্যাবিস) ভ্যাকসিন উপহার দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তিনি এসব ভ্যাকসিন হস্তান্তর করেন।
ভ্যাকসিন প্রদানকালে এমপি মান্নান বলেন, “জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো ভ্যাকসিন না পেলে রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে। সরকারি হাসপাতালে অনেক সময় ভ্যাকসিনের স্বল্পতা থাকে, যা দরিদ্র রোগীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত এবং দরিদ্র রোগীদের কষ্ট লাঘবেই ব্যক্তিগত পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান। তিনি বলেন, “জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা ও দ্রুত চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমপি মহোদয়ের এই সময়োপযোগী উদ্যোগে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সংকট অনেকাংশে কমবে এবং রোগীরা সরাসরি উপকৃত হবেন।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেলসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments