Image description

রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু সাঈদ উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের আজগর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন এবং পাশাপাশি গবাদি পশু পালন করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (৬ মে) বিকেলে বাড়ির কাজ শেষে পার্শ্ববর্তী শাল্টির বাজারে যান আবু সাঈদ। রাত ৮টার দিকে বাজারে তাঁর চাচার সাথে শেষ কথা হয়। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ময়েনপুর ইউনিয়নের আকমল হোসেনের আম বাগানে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।

খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া শুরু করেছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুর আলম জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/ডিআর