আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে চিহ্নিত সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড অভিযান চালায় যৌথবাহিনী। যৌথবাহিনীর এই বিশেষ অভিযানে অস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, ছিনতাইকারী এবং সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে।
বৃহস্পতিবার মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানা এলাকা থেকে ১টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি, বেশ কয়েকটি চাপাতি ও তরবারিসহ ১১ জনকে গ্রেপ্তার করে র্যাব-২। এ সময় জব্দ করা হয় গাঁজা, ইয়াবা ও হেরোইনের মতো মাদক।
এদিন অপরাধীদের আইনের আওতায় আনতে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দল নেই, অপরাধীদের আইনের আওতায় আনতে জিরো টলারেন্স।’
মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিরা চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনি ব্যবস্থা নিতে থানায় সোপর্দ করা হয়েছে তাদের।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানায় পুলিশ।




Comments