Image description

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দীর্ঘ চার দিনের রাজনৈতিক নাটকের অবসান ঘটেছে। কংগ্রেস এবং বাম দলগুলোর সমর্থনে শেষ পর্যন্ত রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। 

শুক্রবার (৮ মে) বিকেলে কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএম আনুষ্ঠানিকভাবে টিভিকে-কে সমর্থনের কথা জানায়।

গত সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়ে চমক দেখায় বিজয়ের দল টিভিকে। তারা ২৩৪ আসনের বিধানসভায় ১০৭টি আসন লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১১৮ আসন থেকে তারা ১১টি আসন পিছিয়ে ছিল।

এই সুযোগে তামিলনাড়ুর দুই প্রভাবশালী ঐতিহ্যবাহী দল ডিএমকে ও এআইএডিএমকে নিজেদের দীর্ঘদিনের বিভেদ ভুলে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের চেষ্টা শুরু করে। এর ফলে সরকার গঠন নিয়ে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত কংগ্রেস ও বামপন্থী দলগুলোর সমর্থনে পরিস্থিতি বিজয়ের অনুকূলে চলে আসে।

অভিনেতা থেকে রাজনীতিতে পা রেখেই প্রথমবার নির্বাচনে এমন অভাবনীয় সাফল্য এবং বড় বড় দলগুলোর সমর্থন পাওয়ায় তামিল রাজনীতিতে থালাপতি বিজয় এখন এক নতুন শক্তিশালী ধ্রুবতারা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।

মানবকণ্ঠ/ডিআর