ভারতের বিহার অঙ্গরাজ্যের সহরসা জেলায় স্কুলের মধ্যাহ্নভোজের (মিড-ডে মিল) খাবারে সাপের বাচ্চা পাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ওই খাবার খেয়ে এবং আতঙ্কে অন্তত শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৭ মে) জেলার মহিষী ব্লকের একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিনের মতো একটি এনজিওর সরবরাহ করা খাবার শিক্ষার্থীদের মধ্যে পরিবেশন করা হচ্ছিল। খাবার খাওয়ার সময় এক শিক্ষার্থীর প্লেটে সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই অনেক শিক্ষার্থী পেটব্যথার অভিযোগ করতে শুরু করে।
অভিভাবকদের দাবি, স্কুল অফিসের একটি প্লেটের ওপর একটি বড় সাপও পড়ে থাকতে দেখা যায়, যা দেখে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে এবং কেউ কেউ জ্ঞান হারায়। দ্রুত পরিস্থিতির অবনতি হলে স্কুল কর্তৃপক্ষ পুলিশ ও স্বাস্থ্য কেন্দ্রে খবর দেয়। পুলিশ ও অ্যাম্বুলেন্স যোগে অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং কয়েকজনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অনেক শিশুর অবস্থা দীর্ঘ সময় আশঙ্কাজনক থাকলেও বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। জেলা প্রশাসন এই ঘটনার তদন্তে একটি বিশেষ টিম গঠন করেছে এবং সংশ্লিষ্ট এনজিওর রান্নাঘরেও তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, ভারতে ১৯২৫ সাল থেকে মিড-ডে মিল কর্মসূচি চালু হলেও প্রায়ই খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে ২০১৩ সালে বিহারেই বিষাক্ত মিড-ডে মিল খেয়ে ২৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। সেই স্মৃতি মনে করে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments