Image description

দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ই সর্বপ্রথম বিবৃতি দিয়ে শাপলা চত্বরের মর্মান্তিক ট্র্যাজেডিকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৮ মে) রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলার শহীদগাঁথা: স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শাপলা চত্বরের ট্র্যাজেডির পর বিএনপি অত্যন্ত সাহসিকতার সাথে এই ঘটনাকে গণহত্যা বলে জাতির সামনে তুলে ধরেছিল। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে বদ্ধপরিকর। বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সে সময় এই ঘটনার প্রকৃত সত্য আড়াল করার জন্য সব ধরনের চেষ্টা চালানো হয়েছিল। সত্য ধামাচাপা দিতে উল্টো বিএনপির নেতাকর্মীদের ওপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।

অনুষ্ঠানে ১১-দলীয় জোটের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। তারা শাপলা চত্বরের এই ঘটনাকে ‘ফ্যাসিবাদের চরম ও নির্মম উদাহরণ’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে এর সুষ্ঠু বিচার দাবি করেন।

সভায় বক্তব্য প্রদানকালে নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, সেদিনের অভিযানে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিরস্ত্র মানুষের ওপর ব্যাপক শক্তি প্রয়োগ করা হয়েছিল। তিনি জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ওই রাতের ঘটনায় ৭২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের রক্তক্ষয়ী ঘটনা এবং ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান—উভয়ই কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদবিরোধী একই ধারার রাজনৈতিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ।

মানবকণ্ঠ/আরআই