Image description

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জাহাজ চলাচলে সম্ভাব্য ট্রানজিট ফি আরোপের অভিযোগে ইরানের বিরুদ্ধে সরব হয়েছে উপসাগরীয় দেশগুলো। এ ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘে কূটনৈতিক চাপ বাড়াচ্ছে।

শুক্রবার নিউইয়র্কে এক ব্রিফিংয়ে জাতিসংঘে আরব আমিরাতের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবুশাহাব বলেন, আন্তর্জাতিক সমুদ্রপথে কোনো ধরনের “চাঁদাবাজি” গ্রহণযোগ্য নয়। তার অভিযোগ, হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখা হয়েছে এবং জাহাজ চলাচলে কর আরোপের চেষ্টা চলছে।

এ পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করছে। এতে প্রণালি থেকে মাইন অপসারণ এবং খাদ্য ও ত্রাণ পরিবহনের জন্য মানবিক করিডর চালুর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বাহরাইনের প্রতিনিধি জামাল ফারেস আল রোওয়াই বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের স্বার্থে হরমুজ প্রণালিকে নিরাপদ ও উন্মুক্ত রাখা জরুরি।

কাতারের প্রতিনিধি আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি সতর্ক করে বলেন, প্রণালি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি প্রতিনিধি আবদুলআজিজ আলওয়াসিল।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টজ ইরানের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি ইরানকে মাইন অপসারণ এবং জাহাজ চলাচলে হুমকি বন্ধের আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান এই উত্তেজনা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।


আল-জাজিরা

মানবকণ্ঠ/আরআই