Image description

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রবাসী মুরাদ শেখের (৩৬) মরদেহ ১৬ দিন পর দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকালে তার মরদেহ ঢাকা থেকে পৈতৃক নিবাসে পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

নিহত মুরাদ শেখ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মুরাদ। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ ও সৌদি আরব দূতাবাসের ঐকান্তিক সহযোগিতায় দীর্ঘ ১৬ দিন পর তার মরদেহ দেশে আনা সম্ভব হয়। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছালে সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামে আনা হয়।

সকাল ১১টায় উজানচর দুদুখান পাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা মুরাদের পরিবার। তার পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী, দুই কন্যা সন্তান এবং মাত্র ১০ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে। ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখন গভীর অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির।

মানবকণ্ঠ/ডিআর