Image description

মুন্সীগঞ্জের শ্রীনগরে আব্দুল জব্বার (২৭) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল জব্বার ওই গ্রামের জলিল চৌকিদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বারের সঙ্গে তার স্ত্রীর বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। দীর্ঘ বিবাদের পর তার স্ত্রী বাবার বাড়িতে থাকলেও গত ঈদুল ফিতরের পর আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন। তবে এতেও পারিবারিক অশান্তি কমেনি। শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না দিয়ে আব্দুল জব্বারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর