Image description

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমরা বিশেষায়িত ‘মোবাইল হাসপাতাল’ স্থাপনের উদ্যোগ নিয়েছি।”

সোমবার (১১ মে) সকালে বরিশাল সফরের অংশ হিসেবে বিভিন্ন হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

পরিদর্শনকালে প্রশাসনিক কঠোরতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজ হাসপাতালে এসে এক কর্মীকে দায়িত্বে অবহেলা ও ভুল তথ্য দেওয়ার অভিযোগে তাৎক্ষণিক ‘ক্লোজড’ করেছি। হাসপাতালের দালালচক্র নির্মূল করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের পরিবেশ ও সেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, আগামী তিন থেকে চার মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হবে। এছাড়া স্বাস্থ্যখাতের জনবল সংকট কাটাতে আগামী জুলাই মাস থেকে এক লাখ নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

অতীতের সীমাবদ্ধতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ কিংবা প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। দীর্ঘদিনের এই পুঞ্জীভূত সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, তবে আমরা কাজ করছি।”

হাম-রুবেলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, “সংক্রমণ মোকাবিলায় আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন ছিল না। অত্যন্ত অল্প সময়ে আমরা যেভাবে টিকা সংগ্রহ করেছি, তা বিশ্বজুড়ে নজিরবিহীন। বর্তমানে রোগীর সংখ্যা কমছে। আগের সরকারের উদাসীনতার কারণেই টিকাদান ও সচেতনতামূলক প্রচারণায় ঘাটতি ছিল।”

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। চিকিৎসার চেয়ে প্রতিরোধের দিকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। প্রয়োজনে ভ্রাম্যমাণ বা মোবাইল হাসপাতালের মাধ্যমে সেবা নিশ্চিত করা হবে।”

এর আগে সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী বরিশাল ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি টিকিট কাউন্টারে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসকদের হাজিরা খাতা পরীক্ষা করেন। পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার দায়ে এক টিকিট ক্লার্ককে তাৎক্ষণিক প্রত্যাহার (ক্লোজড) করা হয়। এরপর মন্ত্রী বরিশাল শিশু হাসপাতাল ও শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

মানবকণ্ঠ/ডিআর