Image description

পটুয়াখালীর কলাপাড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে নারী ও পুরুষের আপত্তিকর ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে রিমন ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১১ মে) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মুসলিম নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১-এর সহযোগিতায় কলাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃত রিমন কলাপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৬ মে কলাপাড়া পৌর শহরের রহমপুর এলাকার নাসির উদ্দিন মোল্লা মিন্টু বাদী হয়ে রিমনসহ দুইজনের নাম উল্লেখ করে থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। মিন্টু অভিযোগ করেন, রিমন ও তার সহযোগীরা ‘কলাপাড়ার সময়’ নামক একটি ফেসবুক পেজে তাঁর নামে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। পরবর্তীতে এআই প্রযুক্তি ব্যবহার করে এক নারীর ছবির সঙ্গে তাঁর ছবি যুক্ত করে বিকৃত ও আপত্তিকর ছবি তৈরি করে। এসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সম্মান বাঁচাতে মিন্টু ধাপে ধাপে বিকাশের মাধ্যমে প্রায় ১ লাখ টাকা দিলেও চক্রটি আরও টাকা দাবি করতে থাকে। কোনো উপায় না দেখে তিনি আইনের আশ্রয় নেন।

সোমবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃত রিমনকে কলাপাড়া থানায় নিয়ে আসা হলে উত্তেজিত জনতা থানার সামনে ভিড় জমায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরে পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন এআই দিয়ে ছবি তৈরি ও চাঁদা দাবির কথা স্বীকার করেছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মানবকণ্ঠ/ডিআর