Image description

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, "স্বাধীনতার পরবর্তী দীর্ঘ উন্নয়ন ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সোনাতলা উপজেলা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শাজাহানপুর উপজেলা উপহার দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বগুড়ার মানুষের প্রাণের দাবি পূরণ করে তাদেরই উত্তরসূরি তারেক রহমান উপহার দিয়েছেন নবগঠিত মোকামতলা উপজেলা।"

সোমবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নবগঠিত মোকামতলা উপজেলা এলাকার সর্বস্তরের মানুষের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, "বিগত ১৮ বছর ধরে বগুড়ার উন্নয়নকে পরিকল্পিতভাবে অবহেলা ও চরম বৈষম্যের শিকার করা হয়েছে। সেই উন্নয়নের ঘাটতি পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।" 

তিনি বগুড়ার জন্য আন্তর্জাতিক মানের বিমানবন্দর, বিমানঘাঁটি ও পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং আধুনিক ফুটবল স্টেডিয়ামসহ একাধিক বৃহৎ মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন।

মোকামতলা উপজেলা ঘোষণার পর প্রতিমন্ত্রীর প্রথম এই সরকারি সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি একপর্যায়ে বিশাল জনসমুদ্রে রূপ নেয়। এ সময় সাধারণ মানুষের কণ্ঠে ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা ও স্লোগান।

অনুষ্ঠান শেষে সর্বস্তরের মানুষ ফুল ও সম্মাননা স্মারক দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেন। পুরো এলাকায় নতুন এই উপজেলা গঠনকে কেন্দ্র করে উন্নয়নের এক নতুন স্বপ্নযাত্রা ও আশার আলো দেখা দিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর